
নিউজ ডেস্কঃ আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে বাংলাদেশে বজ্রপাতের ঘটনা ঘটছে জানিয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেছেন, প্রাকৃতিক এই দুর্যোগে দুই দিনেই ৮১ জনের মৃত্যু হয়েছে। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী মায়া বলেন, নিহতদের পরিবারকে ১০ থেকে ২৫ হাজার টাকা বিতরণের মাধ্যমে এ পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে। এছাড়া আহতদেরকে সাড়ে ৭ হাজার টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হয়।
গত বছরের ২৭ আগস্ট মন্ত্রণালয় বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে বলে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। উল্লেখ্য, গত ১২ ও ১৩ মে সারা দেশে বজ্রপাতে নারী-শিশুসহ ৮১ জনের মৃত্যু হয়েছে। কালবৈশাখী ঝড়ে মারা গেছেন আরও ৫ জন।