News71.com
 Bangladesh
 17 May 16, 02:26 PM
 536           
 0
 17 May 16, 02:26 PM

সিআইইউতে তথ্য-প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন চলছে

সিআইইউতে তথ্য-প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন চলছে

নিউজ ডেস্ক: দেশি-বিদেশি গবেষকদের পদচারণায় মুখর চিটগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস। কারণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার থেকে শুরু হয়েছে উচ্চতর যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।
বিশ্ববিদ্যালয়ের জামালখানস্থ ক্যাম্পাসের অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
জাপানের হোসেই বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড ইনফরমেটিকস্ এর অধ্যাপক ড. কোইচি ওয়াদা চিটগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)’র উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, সিআইইউ’র সাবেক প্রোভিসি ও চবি’র অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইরশাদ কামাল খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়ার এমজেআইআইটি’র শিক্ষক ড. একেএম মুজাহিদুল ইসলাম।
‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এডভান্সড ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলাজি’ শীর্ষক দুইদিনব্যাপী এই সম্মেলনে তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন বিষয়ে জাপান, মালয়েশিয়া এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত গবেষকরা গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করবেন।
সম্মেলনটি ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম), গবেষণা প্রতিষ্ঠান ইনফরমেশন এন্ড কমিউনিকেশন রিসার্চ কমিউনিটি বাংলাদেশ (আইসিআরসিবি) এবং চিটগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এধরনের সম্মেলন কেবল তথ্য ও জ্ঞানই উৎপাদন করেনা, এর মাধ্যমে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় হয়।
তথ্য প্রযুক্তির অপব্যবহারে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তথ্য প্রযুক্তির সুফল যেমন আছে, তেমনি এর অপব্যবহারও দিন দিন বাড়ছে। বিশেষ করে আমাদের তরুণ সমাজ ইন্টারনেটের মাধ্যমে নানা গর্হিত কাজে জড়িয়ে পড়ছে। এটি আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ।
এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশিক্ষকদের এ ব্যাপারে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। তথ্য প্রযুক্তি অপব্যবহারের কুফল সম্পর্কে তরুণ সমাজকে সচেতন করতে হবে।
অনুষ্ঠানে জাপানের হোসেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোইচি ওয়াদা সম্মেলনটি আয়োজনের জন্য উদ্যোক্তাদের স্বাগত জানান এবং সম্মেলনের সফলতা কামনা করেন।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী বলেন, সিআইইউতে এধরনের একটি সম্মেলন করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি এ সম্মেলনের মাধ্যমে দেশ-জাতি এবং গোটা বিশ্ব উপকৃত হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিআইইউ’র প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম নুরুজ্জামান, ড. এম খায়রুল ইসলাম, জাপানের এনএআইএসটি’র অধ্যাপক ড. এম ওকাদা, মালয়েশিয়ার এমজেআইআইটি’র অধ্যাপক ড. নজমু হামাদা, জাপানের এনআইটেকের অধ্যাপক ওয়াশিয়াকি কাটায়ামা, জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলন উপলক্ষে জাপান, মালয়েশিয়া, নেপাল, সৌদি আরব, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে মোট ১১৭টি পেপার জমা পড়েছে। এরমধ্যে ৬৩টি পেপার সম্মেলনে উপস্থাপনের জন্য গৃহীত হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন