
নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। গত রোববার রাজশাহী মহানগর হাকিম মোকসেদা আক্তার এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক আবুল হাসেম বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করে প্রত্যেকের জন্য সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি।
গত সোমবার রাতে রাজশাহী নগরীর খরখরি এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানালেও ‘তদন্তের স্বার্থে’ পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেনি। এর আগে রোববার রাতে বগুড়া থেকে মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহকে আটক করা হয়। সোমবার তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যমতে পুলিশ বাকি তিনজনকে আটক করে। আটককৃতদের জেএমবি সদস্য বলে দাবি করছে পুলিশ।
উল্লেখ্য গত ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে নগরীর শালবাগান এলাকায় তার বাসা থেকে ৫০ গজ দূরে গলা কেটে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের পর এক শিবির নেতাসহ চারজনকে গ্রেপ্তার করার কথা এর আগে জানিয়েছিল পুলিশ।