
নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার (১৭মে) দুপুর সোয়া একটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জনতার উচ্চ আদালত’ বসাতে গিয়ে আবারও ধাওয়া খেয়েছে ‘আসল’ বিএনপি। কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন ‘আসল’ বিএনপির নামধারী কয়েকজন নেতা-কর্মী দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে বিএনপির মুলধারার কর্মীরা তাদের ধাওয়া করে।
জানাগেছে অনেক আগের দেয়া ঘোষণা অনুযায়ী, আজ কামরুল হাসান নাসিমের কতিপয় সমর্থক বিএনপির কার্যালয়ে জনতার উচ্চ আদালত বসাতে সেখানে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই তারা বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার মুখে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে তারা ধাওয়ার মুখে পালিয়ে যান ।
উল্লেখ্য গত বছর ২৬ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সমাবেশে কামরুল হাসান বলেছিলেন, ‘জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালতে’ তারা বিএনপির গঠনতন্ত্র স্থগিতের রায় পেয়েছেন। পরবর্তী ৩৪ দিনের মধ্যে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে উচ্চ আদালত বসবে। সেখানে বিএনপি সম্পর্কে জনতা পরবর্তী রায় দেবেন। এরপর গত ২ জানুয়ারি তার অনুসারীরা বিএনপির কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীরা হামলার মুখে পড়ে। এরপর গত ১৭ জানুয়ারি আবারও একই চেষ্টা করে ধাওয়ার মুখে পড়েন ‘আসল’ বিএনপির নেতা-কর্মীরা।