
নিউজ ডেস্কঃ ঢাকার অদূরে সাভারের গোকুলনগর গ্রামের সামাজিক কবরস্থান থেকে দুদিনে সাতটি লাশ চুরির ঘটনা ঘটেছে । এর মধ্যে তিনটি লাশের পরিচয় জানা গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তবে, এ ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
গ্রামের বাসিন্দারা ধারণা করছেন কবরগুলো থেকে দু-একদিন আগে এই চুরির ঘটনা ঘটে। গত অক্টোবর মাসেও এই কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরি হয়েছিল বলে গ্রামবাসীদের অভিযোগ।
গত সোমবার সকালে গ্রামের কয়েকজন বাসিন্দা কবরস্থানের ঘাস কাটতে গিয়ে দেখতে পান কয়েকটি কবরের উপরের অংশের মাটি সরানো। এরপর সন্দেহ হলে কবরস্থান পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের ডেকে কবরস্থান পরিদর্শন করে দেখা যায়, মোট আটটি কবর খোঁড়া হয়েছে। সেখান থেকে সাতটি লাশ চুরি হয়ে গেছে। অপর লাশটি কঙ্কালে পরিণত না হওয়ায় সেটি ফেলে গেছে চোরেরা।
দুই বিঘা জায়গা নিয়ে তৈরি ঐ কবরস্থানটি গ্রামের মূল বসতি থেকে একটু দূরে অবস্থিত হওয়ায়, জায়গাটি বেশ নির্জন এবং মানুষের আনাগোনা সেখানে খুবই কম। গ্রামের বাসিন্দাদের সন্দেহ, কঙ্কাল চুরি করে সেগুলো মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করে একটি অপরাধী চক্র।
বিষয়টি নিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিনুল কাদের জানান, এ নিয়ে আজই একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। গত অক্টোবরেও এমন আরেকটি সাধারণ ডায়েরী করা হয়েছিল।