News71.com
 Bangladesh
 17 May 16, 08:37 PM
 564           
 0
 17 May 16, 08:37 PM

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে ছাত্রদলের মারধর, অগ্নিসংযোগ..

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে ছাত্রদলের মারধর, অগ্নিসংযোগ..

নিউজ ডেস্কঃ রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের এক নেতাকে ছাত্রদলের নেতাকর্মীরা কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ছাত্রদল নিয়ন্ত্রিত আবাসিক হলের তিনটি কক্ষ ভাংচুর করে আগুন দেওয়া হয়। আজ বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা শাহিনুর রেজা শাহিন রাজশাহী কলেজের রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ আবাসিক হলের শাখা ছাত্রলীগের আহ্বায়ক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, আজ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগের অনুষ্ঠানে যোগ দেন শাহিন। অনুষ্ঠান শেষে তিনি নিজ কক্ষে ফেরার পর ছাত্রদলের সভাপতি মুর্তজা ফামিম ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভের নেতৃত্বে শাহিনের ওপর হামলা চালানো হয়। এসময় শাহিনের মাথার ডান পাশে কেটে যায়। পরে হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


প্রত্যক্ষদর্শীরা জানায়, এই ঘটনা কলেজে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদল নিয়ন্ত্রিত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ হোস্টেলের ই-৫ কক্ষ এবং বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল হোস্টেলের বি-৪ কক্ষে আগুন দেয়। এছাড়া বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ হোস্টেলে ছাত্রদল নিয়ন্ত্রিত এফ-৫ কক্ষ ভাংচুর চালায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে কক্ষ দুটি পুড়ে যায়।


রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠান শেষে শাহিন কক্ষে ফিরছিলেন। শাহিন ছিল নূর মোহাম্মদ হোস্টেলের একজন সক্রিয় ছাত্রলীগ কর্মী। হোস্টেলের সবাইকে তিনি সংঘবদ্ধ করে রাখতেন। সে অপরাধেই শাহিন কক্ষে ফেরার পর ছাত্রদলের সভাপতি মর্তুজা ফামিম ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ কয়েকজন ছাত্রদল নেতাকর্মী তার ওপর হামলা চালিয়ে তাকে জখম করে। তিনি দাবি করেন ছাত্রদলের কর্মীরাই কক্ষে আগুন দেয়।


রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি মর্তুজা ফামিম জানান, সকালে ছাত্রলীগের মিছিলে যায়নি বলে কাওসার নামের এক ছাত্রদল নেতাকে মারপিট করে শাহীন। এর প্রতিবাদ জানাতে তারা শাহীনের কক্ষে গিয়েছিলেন। এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। মারামারি হয়নি। পরে তাদের কক্ষ পুড়িয়ে ছাত্রলীগ লুটপাট করেছে বলেও অভিযোগ করেন তিনি।


রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান জানান, ছাত্রলীগ নেতা শাহিনকে মারপিট করার জের ধরে এ ঘটনাটি ঘটেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, হোস্টেল কক্ষে কারা আগুন দিয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না। আহত শাহিনের মাথার ডানপাশে চারটি সেলাই দেওয়া হয়েছে। শরীরেও আঘাত করা হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন