
নিউজ ডেস্কঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে। ইন্টার্ন ডক্টরস্ এ্যাসোসিয়েশনের আহবায়ক মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিকিৎসকদের ওপর হামলা, পুলিশের হাতে চিকিৎসক লাঞ্চিতের ঘটনায় বিচার ও দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিষয়টি নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবিতে তারা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দাবী না মানা পর্যন্ত কোন ইন্টার্ন চিকিৎসক কর্মস্থলে যাবে না বলেও ঘোষণা দেন তারা। এদিকে আকস্মিক চিকিৎসক কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছে শতশত রোগী। চিকিৎসার অভাবে কেউ কেউ হাসপাতাল ত্যাগ করতে শুরু করেছেন।
অপরদিকে গতকাল মঙ্গলবার রাতের ত্রিমূখী সংঘর্ষের ঘটনার পর রাত ২ টার দিকে হাসপাতালের পরিচালক পরিচালক ডা. এস এম সিরাজুল হক ও সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. সারফুজ্জামান রুবেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি জানান, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আহত চিকিৎসকরা রাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন। উল্লেখ্য, রাত ৯ টার দিকে হাসপাতালের ৫ম তলায় সার্জারী ইউনিটে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার নামে এক সহকারী রেজিষ্ট্রারকে লাঞ্ছিত করে।