
নিউজ ডেস্কঃ নরসিংদীতে দ্বীন ইসলামকে গ্রেফতারের পর তার পরিবারের নিকট ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আজ বিকেলের দিকে ধৃত দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা করা হয় বলে দাবি করেন, নিহতের মা সাবিহা বেগম। পরে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।আজ সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয় ।নিহত ব্যক্তি, শহরের ভেলানগর মহল্লার মৃত আবদুর রহমানের পুত্র ।
নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম বলেন ইলিয়াস নামে এক ডাকাতকে শিবপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম ডাকাতির সাথে জড়িত বলে প্রকাশ করে ইলিয়াস। এই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সুপার দ্বীন ইসলামকে একজন মৃগী রোগী বলে দাবী করেন। তার বিরুদ্ধে শিবপুর ও নরসিংদী সদর থানায় একাধিক মামলা রয়েছে ।