
নিউজ ডেস্কঃ সরকার উৎখাতের দেশী-বিদেশী ষড়যন্ত্র, গুপ্তহত্যা, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ব্যাপক গণপ্রতিরোধ গড়ে তোলার লক্ষে চট্টগ্রাম জনসভা করতে যাচ্ছে আওয়ামিলীগ নেতৃত্বাধীন ১৪ দল । আগামি মঙ্গলবার বিকেল ৩ টায় চট্টগ্রামের লালদীঘি মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক এবং স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।
১৪ দল চট্টগ্রামের সমন্বয়ক ও নগর আওয়ামিলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জনসভায় ১৪ দলের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আজ ১৪ দলের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।
এদিকে জনসভাকে সফল করার লক্ষে গতকাল বিকেলে ১৪ দল চট্টগ্রামের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জাসদের সভাপতি আবু বক্কর, চট্টগ্রাম ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, গণআজাদী লীগের মাওলানা নজরুল ইসলাম আশরাফী, মহানগর আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, মহানগর জাতীয় পার্টির জেপি আহ্বায়ক আজাদ দোভাষ, তরিকত ফেডারেশনের মহানগর আহবায়ক কাজী আহসান উল মোরশেদ, ন্যাপের জিএম কবির, বেলায়েত হোসেন, মিঠুল দাশ গুপ্ত, ফয়েজুল্লাহ মজুমদার, জাসদের সেলিম চৌধুরী, মাঈনুল আলম খান প্রমুখ।