
নিউজ ডেস্কঃ সংবিধান প্রদত্ত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে উচ্চ আদালতের অগ্রণী ভূমিকা পালন করা উচিত মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেছেন, গণতন্ত্র আর গণমাধ্যম একটি আরেকটির পরিপূরক। যেখানে গণমাধ্যম যতবেশি শক্তিশালী সেখানে গণতন্ত্রও ততবেশি শক্তিশালী। আর এই গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে উচ্চ আদালতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ, যে সমাজ বা রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা নেই, সেই সমাজ কিংবা রাষ্ট্রকে গণতান্ত্রিক বলা যায় না।
আজ রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসেফিক (ইউএপি) আয়োজিত 'বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা' শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের চেয়ারম্যান এএনএম আতাহার আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়া, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাখাওয়াত লিটন, সমকালের আবু সালেহ রনি প্রমুখ।
বিশিষ্ট আইনজীবী ড.শাহদীন মালিকের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক ইমরান আজাদ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরাসহ প্রশাসন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।