News71.com
 Bangladesh
 20 May 16, 11:20 PM
 548           
 0
 20 May 16, 11:20 PM

কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলা ও বোমা বিস্ফোরণে নিহত ২।।

কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলা ও বোমা বিস্ফোরণে নিহত ২।।

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে হোমিও চিকিৎসক ও বোমা বিস্ফোরণে স্কুল ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকসহ তিনজন আহত হন। আজ সকালে পৃথক দুটি ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইবির অধ্যাপক সাইফুজ্জামানের অবস্থা আশংকাজনক। নিহতরা হলেন- হোমিও চিকিৎসক মীর সানোয়ার হোসেন (৫৫) ও স্কুল ছাত্র নাঈম ইসলাম (১৪)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হোমিও চিকিৎসক মীর সানোয়ার হোসেন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান (৩৮) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল শিশিরমাঠ এলাকায় নিজ দাতব্য চিকিৎসা কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল মোটরসাইকেল আরোহী সন্ত্রাসী তাদের গতিরোধ করে এবং তাদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এতে হোমিও চিকিৎসক সানোয়ার ঘটনাস্থলেই নিহত হন। ইবির অধ্যাপক সাইফুজ্জামান গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা ইবির ওই অধ্যাপককে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তার দেহে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। কিন্তু অবস্থার তেমন উন্নতি না হওয়ায় ডাক্তাররা উন্নত চিকিৎসা জন্য তাকে ঢাকায় রেফার্ড করে। ডাক্তারদের পরামর্শ মোতাবেক আজ দুপুরে কুষ্টিয়া হাসপাতাল থেকে অধ্যাপক সাইফুজ্জামানকে ঢাকায় নেওয়া হয়।

হত্যাকান্ডের সঠিক কারণ পুলিশ জানাতে পারেনি। তবে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জঙ্গিদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বলে পুলিশ জানায়।


নিহত হোমিও চিকিৎকের স্বজনরা জানায়, সমাজ হিতৈষী ও সংস্কৃতিমনা সানোয়ারের হোসেন বটতৈল শিশিরমাঠ এলাকায় নিজস্ব জমিতে একটি বাগানবাড়ি গড়ে তোলেন এবং গত ১২-১৩ বছর যাবত ওই বাগানবাড়িতে প্রতিষ্ঠিত হোমিও চিকিৎসা কেন্দ্রে গরীব-অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। ওই চিকিৎসালয়কে কেন্দ্র করে হোমিও চিকিৎসক সানোয়ারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে গড়ে উঠে সখ্যতা ও সুসম্পর্ক।

এদিকে পৃথক ঘটনায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে স্কুল ছাত্র নাঈম ইসলামের (১৪) নিভে যায় জীবন প্রদীপ। সে বটতৈল কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। আজ সকালে নাঈম ও তার বন্ধু হাফিজ ক্রিকেট খেলা শেষে বাড়ি ফিরছিল। এ সময় সকাল সাড়ে ১০ টার দিকে কবুরহাট বাজারের পাশে রাস্তায় টেপ মোড়ানো জর্দার কোটায় একটি বোমা কুড়িয়ে পায়। কৌতুহলবশতঃ কুড়িয়ে পাওয়া টেপ খোলার চেষ্টাকালে প্রচন্ড শব্দে বোমাটি বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই নাঈম নিহত হয়।

উল্লেখ্য, এসময় বোমার আঘাতে নিহত নাঈমের বন্ধু হাফিজ ও অপর পথচারী হাবিব আহত হন। এদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরেকটি তাজা বোমা উদ্ধার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন