
নিউজ ডেস্কঃ রাজধানীর তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকসহ ৩ জনের ১ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।অপহরণ মামলায় আজ ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক মাহাবুব আলম আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন ।
ছাত্রলীগের ওই ৩ নেতা হলেন— তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ এবং তিতুমীর কলেজের ছাত্র ও গুলশান থানা ছাত্রলীগের সহ-সভাপতি মারুফ হাসান।এর আগে গতকাল রাতে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মো. তৌফিক মোল্লাকে মহাখালীর পর্যটন হোটেলের সামনে থেকে তুলে নিয়ে তিতুমীর কলেজ ছাত্রাবাসে আটকে রাখেন আসামিরা। পরে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তৌফিককে বেধড়ক পেটানো হয়।খবর পেয়ে বনানী থানার পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় ওই ৩ আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।এ ঘটনায় তৌফিক ছাত্রলীগের এই ৩ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন।