
নিউজ ডেস্কঃ কুমিল্লার চান্দিনায় বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ কাউসার আলম রুবেল নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।আজ রাত সোয়া ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নাওতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।
কাউসার আলম রুবেল পাশ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বিতারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। এসময় তার সঙ্গে থাকা অপর যুবক পালিয়ে যায়।হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনিরুল ইসলাম জানান ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ফোর্সসহ মহাসড়কের টহল দিচ্ছিলেন। রাতের ওই সময়ে ঢাকামুখী একটি মোটরসাইকেল আসতে দেখে সন্দেহ হয় তাদের।এ সময় টহল পুলিশ মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দিলে চালক পালাতে গিয়ে হঠাৎ পড়ে যায়। এসময় টহল পুলিশ তাদের ধাওয়া করে রুবেলকে আটক করে ।
পরে তার দেহ তল্লাসি চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ বোরের ১টি পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।