News71.com
 Bangladesh
 21 May 16, 12:49 AM
 510           
 0
 21 May 16, 12:49 AM

জনসাধারণের সমর্থন নিয়ে জাতিকে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু ।। অধ্যাপক আনিসুজ্জামান

জনসাধারণের সমর্থন নিয়ে জাতিকে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু ।। অধ্যাপক আনিসুজ্জামান

নিউজ ডেস্কঃ এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বাঙালি জাতি-ধর্ম-সম্প্রদায় সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের নেতৃত্ব নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত হয়েছিল-এ নিয়ে বিতর্কের অবকাশ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জনসাধারণের সমর্থন নিয়ে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে এক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।


‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষণা প্রশিক্ষণ কোর্স’ বিষয়ক দু’দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।


আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনের আবেদন, সত্তরের নির্বাচনে এই জনসমর্থন নিয়েই মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্জন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্ব, ছাত্র-শিক্ষক-কৃষক-শ্রমিক এবং সাংস্কৃতিক সংগঠক-কর্মীদের এমনকি শরণার্থীদেরও ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসের উপকরণের বিভিন্ন দিক আছে, জাতীয় ক্ষেত্র ছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশের ভূমিকা, প্রবাসীদের ভূমিকা, জাতিসংঘের ভূমিকা সম্পর্কে জানবার উপকরণ আছে নানা মাত্রায়। বিভিন্ন রাজনৈতিক বিভাজনের মধ্যেও সার্বজনীন অংশগ্রহণের মধ্যে দিয়েই সংগঠিত হয়েছে মুক্তিযুদ্ধ।


সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, উদ্বোধক অধ্যাপক আনিসুজ্জামান মুক্তিযুদ্ধের সময় সক্রিয় ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ বিনির্মাণে তার ভূমিকা প্রসংশনীয়। তিনি মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যকর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, তথ্য ও উপাত্ত ইতিহাস নয়। তথ্য ও উপাত্ত দিয়ে যথার্থ ইতিহাস তৈরি করতে হবে। প্রশিক্ষণার্থীরা এ থেকে উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, আগামীকাল ২১ মে ২০১৬ শনিবার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন