
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা উপকুলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের আশঙ্কায় সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকাজুড়ে লাল পতাকার সতর্কতা জারি করা হয়েছে। সাইক্লোন শ্লেল্টারের অভাবে আশ্রয়হীন মানুষ পড়েছে চরম বিপাকে। বঙ্গোপসাগর ও সুন্দরবনের বিভিন্ন নদীতে অবস্থানরত মাছধরা ট্রলার ও জেলেদের নৌকাগুলোকে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
জেলায় অবস্থিত শতাধিক আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। শ্যামনগর ও আশাশুনির সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। তালা, আশাশুনি ও শ্যামনগর উপজেলার প্রত্যেক ইউনিয়নে মসজিদে মসজিদে মাইকিং করে জনগণকে সতর্ক করা হয়েছে। অন্তত ৪ হাজার স্বেচ্ছাসেবকদের যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তত রাখা হয়েছে বলে প্রশাসনের দাবী ।
সূত্রে জানা গেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিপিপির টিম লিডার কর্তৃক প্রচারিত ঘুর্ণিঝড়ের বার্তা মসজিদে প্রচার করার জন্য বলা হয়। সাইক্লোন শেল্টারে পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ রাখা হচ্ছে। প্রত্যেক উপজেলায় মেডিকেল টিম প্রস্তত রাখা হয়েছে। স্কাউট, রেড ক্রিসেন্ট ও সিপিপি বাহিনীকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের জন্য প্রস্তুত রাখা হয়েছে। উপজেলায় প্রয়োজনীয় শুকনো খাবার ও পানি মজুদ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগকালীণ সময়ে মানুষের সাথে গবাদিপশু সঙ্গে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ।
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে গত ২ দিন সমগ্র জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। আশাশুনি ও শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সাথে সাথে বাতাস প্রবাহ হচ্ছে।জেলা আবহাওয়া অফিস আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় ঘন্টায় ১৮-১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আরো ২/৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম জানান ঘূর্ণিঝড় মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্কুল কলেজসহ উপজেলার ৮৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গাবুরা, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ ও কৈখালিতে বিকেল থেকেই লাল পতাকা উড়িয়ে সতর্কতা জারি করা হয়েছে। সাইক্লোন শেল্টারে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার খান জানান জেলার দুর্যোগ পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। যে কোন সময় যে কোন দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। তিনি আরো বলেন, আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদসহ নগদ অর্থ রয়েছে । উপকূলে মাইকিং করা হয়েছে।এদিকে আবহাওয়া অফিস থেকে মংলা বন্দর অর্থ্যাৎ সুন্দরবন উপকুলীয় শ্যামনগরকে ৫ নং সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে শ্যামনগর ও আশাশুনিতে প্রায় ২শ কিলোমিটার বেড়ি বাধে ফাটল দেখা দিয়েছে।সাতক্ষীরা জেলা প্রশাসক জানিয়েছ ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব মোকাবেলায় আমরা সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি ।