
নিউজ ডেস্কঃ আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের অমর প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের জন্ম, মহাপরিনির্বাণ (মৃত্যু) এবং বুদ্ধত্ব লাভের স্মৃতিময় ও ঘটনাবহুল দিবস এটি। বুদ্ধজীবনের মহান এ ৩টি প্রধান ঘটনাকে মানব বিশ্বের ইতিহাসে বুদ্ধ পূর্ণিমা নামে অভিহিত করা হয় ।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৌদ্ধ ধর্মাবলম্বীরা আজ এ দিবসটি উদযাপন করবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পৃথক বাণী দিয়েছেন। এতে বৌদ্ধ জীবনদর্শনে নানাদিক তুলে ধরে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তার বাণীর অনুকরণ ও অনুসরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা ।
দিবসটি উদযাপন উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় প্যাগোডায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে বিশেষ করে ৩ পার্বত্য এলাকায় নানা কর্মসূচি পালিত হবে। বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী কর্মসূচি পালন করবে।বাড্ডায় সকাল ১০টায় বুদ্ধ ও সংঘদান, সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীলংকার হাইকমিশনার ইয়াছোজা গুনাসাকারা, রাষ্ট্রপতি সচিবালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক করিম বিন আনোয়ার প্রমুখ ।
এদিকে, মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষদ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া ।