News71.com
 Bangladesh
 21 May 16, 02:09 PM
 615           
 0
 21 May 16, 02:09 PM

বরগুনা-পটুয়াখালি উপকুল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রোয়ানু ।। বিস্তীর্ণ এলাকা প্লাবিত, হাজার হাজার মানুষ ঘরছাড়া .......

বরগুনা-পটুয়াখালি উপকুল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রোয়ানু ।। বিস্তীর্ণ এলাকা প্লাবিত, হাজার হাজার মানুষ ঘরছাড়া .......

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় রোয়ানু আজ দুপুর ১টা নাগাদ বরগুনা উপকূল অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি । তবে বরগুনা ও পটুয়াখালী জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বলে শেষ মুহুর্তের খবরে জানাগেছে । আজকের জোয়ারে অন্য দিনের তুলনায় ৪ থেকে ৬ ফুট উচুতে জোয়ারের জল উঠেছে। ফলে উপকুলের বেশীরভাগ এলাকার ভেড়াবাঁধ ও শহর রক্ষাবাধ উপচে জল ঢুকেছে বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা ।

উল্লেখ্য ঘুর্নিঝড় রোয়ানুর প্রভাবে বরগুনা ও আশপাশ অঞ্চলে গতকাল শুক্রবার সারা রাত ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে। সেই সঙ্গে ছিল দমকা বাতাসের তীব্রতা।আজ সকাল থেকেও টানা বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকে। দুপুর দেড়টায় (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।


অন্যদিকে, দুর্গতদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে জেলা প্রশাসনের প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। জেলার ৬টি উপজেলার ৩৩৫টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়। এতে কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই আশ্রয় গ্রহণ করেছে। এদিকে, জেলার নদী তীরবর্তী বিভিন্ন ঝুঁকিপূর্ণ গ্রামাঞ্চল থেকে সাধারণ জনগণকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৬ হাজার ৩৩০ জন স্বেচ্ছাসেবক তাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন।


তবে পানি উন্নয়ন বোর্ড বরগুনা অফিস সূত্রে জানা গেছে, স্বাভাবিক জোয়ারের তুলনায় এখনকার জোয়ারে জল দুই থেকে তিন ফিট বৃদ্ধি পেয়েছে। এতে বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সোনাতলা গ্রাম, পাথরঘাটা উপজেলার রুইতা এবং তালতলী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের তিনটি বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি ঢুকে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে।


ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরগুনা সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ জানান, তাৎক্ষণিকভাবে তার কাছে যে খবর এসেছে তাতে অতি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং জোয়ারের জল বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন উপজেলায় সহস্রাধিক গাছ-পালা ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিসহ ৫ শতাধিক মাছের ঘের এবং ৩ শতাধিক কাঁচা ঘরবাড়ি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন