
নিউজ ডেস্কঃ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) আওতাভুক্ত দেশসমূহে সুশাসন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সংস্থাটির নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের তাভরেস্কি প্যালেসে ইন্টারপার্লামেন্টারি অ্যাসেম্বলি অব মেম্বার নেশস অব দ্যা কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (আইপি এসিআইএস) এর ৪৪তম সম্মেলনের প্লেনারি সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন তিনি।
স্পিকার বলেন, এমপিদের সংগঠনগুলোর একটির সঙ্গে অন্যটির মূল্যবোধের মিল থাকায় এসব আন্তর্জাতিক সংস্থাকে বিশ্বব্যাপি মানবকল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, জেন্ডার বৈষম্যরোধ, তরুণ সমাজের উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা ইত্যাদি চ্যালেঞ্জগুলো বিশ্বের সব দেশের জন্য একই। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য পরস্পরের অভিজ্ঞতা কাজে লাগাতে সিপিএ ও আইপিএসিআইএস একসাথে কাজ করার সুযোগ রয়েছে।
স্পিকার আরও বলেন, বিশ্বব্যাপি জলবায়ু পরিবর্তন ও পরিবেশেগত বিপর্যয় সারাবিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী দেশসমূহ এবং দ্বীপ রাষ্ট্রসমূহে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
সিপিএ চেয়ারপারসন বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গত বছর বিশ্বব্যাপি টেকসই উন্নয়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির লক্ষ্যসমূহ বাস্তবায়নে বিশ্বের সকল দেশের পারস্পরিক সহযোগিতাও অভিজ্ঞতা বিনিময় একান্ত অপরিহার্য। তিনি বিশ্বমানবতার কল্যাণে সকল আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রসমূহকে একযোগে কাজ করার আহ্বান জানান।
রাশিয়ান ফেডারেশনের স্পিকার ও আইপিএসিআইএস এর চেয়ারপারসন ভ্যালেনটিনা ম্যাটভিয়েনকোর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও আইপিএ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। আইপিএ সিআইএসভূক্ত আরমেনিয়া, বেলারুশ, কাজাকিস্তান, কিরগিজ, তাজকিস্তান, ইত্যাদি দেশসমুহের প্রতিনিধিগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।