
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ দুপুরে মধুর ক্যান্টিনে নেতা-কর্মীদের সামনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। পূর্ণাঙ্গ কমিটিতে ২১ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এর আগে ২০১৫ সালের ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়, ওই মাসের ১৮ জুন আবিদ আল হাসানকে সভাপতি ও মোতাহার হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়েছিল। কমিটির মেয়াদ শেষ হওয়ার এক মাস বাকি থাকতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল।
এ বিষয়ে সভাপতি আবিদ আল হাসান বলেন, সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম ও পদপ্রত্যাশীদের সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করতে গিয়ে কমিটি গঠনে কিছুটা বিলম্ব হয়েছে। তবে একটু দেরি হলেও রাজপথে সক্রিয় ও মেধাবীদেরই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছে। এই কমিটির আকার আর বৃদ্ধি পাবে না বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনে কমিটি পুনর্গঠন হতে পারে কিন্তু কোনভাবেই কমিটির আকার বাড়ানো হবে না।