
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কাঁঠাল খেয়ে ৪টি পরিবারের ২৯ সদস্য অসুস্থ হয়ে পড়ায় তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আজ সকালে উপজেলার প্রত্যন্ত যাদুর চর ইউনিয়নের বকবান্ধা গ্রামে এই ঘটনা ঘটেছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে ।
অসুস্থরা হলেন-মাসুদ, আলেয়া, রাকিব, মাধবী, সোহেল, মজিবুর রহমান, রিমা, রিয়াদ, মিম, আনোয়ার, আতোয়ার, আঁখি, আইরিন, আফছানা, ফুলবানু, সোমাইয়া, আনিছ, আলেয়া বেগম, জেলিনা, কাওছার, কামরুন্নাহার, ফুলরানী, হুমায়ুন, জাফর আলী, জামরুল, জাবুর আলী, অনন্যা, জুলেখা বেগম ও বাদল।এদের মধ্যে কামরুন্নাহার ও ফুলরানী অন্তঃসত্ত্বা ।
যাদুরচর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম জানান আজ সকালে বকবান্ধা গ্রামের মাসুদ মিয়ার গাছ থেকে ৪টি পাকা কাঁঠাল কেটে মাসুদ, মজিবুর রহমান, আনোয়ার হোসেন ও আনিছুর রহমান (নিকট আত্মীয়) ভাগ করে নেন।পরে তাদের ৪জনের পরিবারের ২৯ সদস্য সকালে কাঁঠাল দিয়ে পান্তা ভাত খান। এরপর তাদের সবার মাথা ঘোরা, বমি ও পাতলা পায়খানা দেখা দেয়। এ পরিস্থিতিতে প্রতিবেশীরা তাদের হাসপাতালে ভর্তি করেন ।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ আলেয়া বেগম জানান তিনি পান্তা না খেয়ে শুধু কাঁঠাল খেয়েছেন। খাওয়ার কিছুক্ষণ পর মাথা ঘোরা আর বমি বমি ভাব শুরু হয়। এরপর শুরু হয় পাতলা পায়খানা। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বিকেল থেকে তার অবস্থা কিছুটা ভালো।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অলক কুমার সরকার জানান খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তবে বিষক্রিয়ার কারণ কাঁঠাল না পান্তা ভাত তা পরীক্ষা না করে বলা সম্ভব নয় ।