
নিউজ ডেস্কঃ বিএনপির সেনা সমর্থিত বেসামরিক সরকারের স্বপ্ন আর কখনো বাস্তবায়িত হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামিলীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।ওয়ান ইলেভেন সরকার থেকে বিএনপি কোন শিক্ষা গ্রহণ করেনি উল্লেখ করে তিনি বলেন, তারা (বিএনপি) যতই স্বপ্ন দেখুক না কেন, তাদের এ স্বপ্ন কখনো পূরণ হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির মন্ত্রে পুরো জাতি আওয়ামিলীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।
সেতুমন্ত্রী আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামিলীগ কার্যালয়ের সামনে ১৭ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহমেদ খান ।
মন্ত্রী বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ গ্রহন না করে যে ভুল করেছে তার খেসারত বিএনপিকেই দিতে হবে। বিএনপি গত জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করে নি। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন । বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের গালি শুনতে হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের আমন্ত্রণে বিএনপি সাড়া দিলে দেশের রাজনীতির চিত্র ভিন্ন হতো।এ বিষয়ে তিনি আরও বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করলে তারা ক্ষমতায় যদি নাও যেত তাহলে তারা দেশের স্বীকৃত বিরোধী দল হিসেবে রাজনীতি করতো।