
নিউজ দেস্কঃ নতুন ভ্যাট আইন কার্যকরের বিরোধিতার ঢেউ এবার রাজধানী ছাড়িয়ে দেশের সব জেলা এমনকি উপজেলায়ও ছড়িয়ে যাচ্ছে। আগামী ৩০ তারিখে দেশব্যাপী ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় নামতে যাচ্ছেন।
আজ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে পূর্বঘোষিত আজকের ঢাকা মহানগরীর ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচী হচ্ছে না। ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরামের স্থলে ‘ব্যবসায়ী ঐক্য ফোরামের’ ব্যানারে এ কর্মসূচী পালন করা হবে।
ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব জানান, আগামী ৩০ তারিখে দেশব্যাপী বড় আকারের কর্মসূচী পালন হবে। এ জন্য আমাদের ২৫ মে’র কর্মসূচী স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। ৩০ মে সারা দেশের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচী পালন করবেন। সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে যৌথ কমিটির ৭টি সুপারিশ ও প্যাকেজ ভ্যাট বহাল রাখাই এখন আমাদের মূল দাবি। ২ তারিখের বাজেটে এ দাবির প্রতিফলন না দেখা গেলে এর পর কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে।
আজ রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে ওই বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের ঊর্দ্ধতন সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। বৈঠকে যৌথ কমিটির কো চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি জসীম উদ্দিন, মোহাম্মদ আলী, হেলালা উদ্দিনসহ বেশ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সফিউল ইসলাম মহিউদ্দিন জানান, আন্দোলন তো আর প্রতিদিন হবে না। এ জন্য দেশব্যাপী ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হবে। সারা দেশে যাতে আন্দোলন হয় সে জন্য বৈঠকে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন ও চেম্বারের নেতাদের সমন্বয়ে শক্তিশালী ওই কমিটি আন্দোলনে নেতৃত্ব দেবে। তবে তিনি বলেন, আমরা সব পক্ষের সঙ্গে বসেছি। আমাদের দাবি হচ্ছে যৌথ কমিটির সুপারিশ গ্রহণ করা। আশা করি আলোচনার মাধ্যমে সমাধান হবে।