
নিউজ ডেস্কঃ দেশের ৯টি পৌরসভায় বুধবার ভোট গ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। নির্বাচনী এলাকায় বুধবার সাধারণ ছুটি থাকবে। মেয়র পদে দলীয় প্রতীক এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীরা নির্দলীয় প্রতীকে ভোট অনুষ্ঠিত হবে। তবে ভোটের আগেই সাত কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বুধবার যে ৯ পৌরসভায় ভোট নেওয়া হবে এর মধ্যে রয়েছে-নরসিংদী জেলার পলাশের ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালী জেলার নোয়াখালী, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড়।
ইসির নির্বাচন সমন্বয় ও ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব রাজীব আহসান জানান, নরসিংদীর রায়পুরা পৌরসভার ২নং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এবং ঘোড়াশাল পৌরসভার ১, ২, ৩, ৫, ৭ ও ৮ নল্ফ^র সাধারণ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
৯টি পৌরসভায় মেয়র পদে ২৭জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ২১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ছয়জন। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩১৬জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী পদে ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৯টি পৌরসভায় সাধারণ ওয়ার্ড সংখ্যা ৮৭টি, সংরক্ষিত ওয়ার্ড ২৯টি। ভোটকেন্দ্র ১৩৩টি, ভোটকক্ষ ৮৭৯টি। এসব পৌরসভায় ভোটার রয়েছে তিন লাখ ১৩ হাজার ৬৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৯ হাজার ২৫৫জন এবং মহিলা ভোটার এক লাখ ৫৪ হাজার ৩৯৬জন।
৯টি পৌরসভায় র্যাবের ৩৮টি টিম দায়িত্ব পালন করবে। প্রতিটি ৪টি কেন্দ্রের জন্য ১টি করে র্যাবের টিম মোতায়েন রাখা হয়েছে। ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ঘোড়াশাল পৌরসভায় দুই প্লাটুন বিজিবিসহ অন্য ৬ পৌরসভায় এক প্লাটুন করে বিজিবি দায়িত্বে রয়েছে।
এর আগে দলীয় প্রতীকে স্থানীয় গত ৩০ ডিসেম্বরের ভোটে ২৩৪টি পৌরসভার মধ্যে ২২৭টির ফল ঘোষণা হয়েছে। মেয়র পদে ১৭৭টিতে আওয়ামিলীগ জয়ী হয়েছে, বিএনপির বিজয়ী মেয়র হলেন ২২ জন। জাতীয় পার্টি-জাপার ১জন মেয়র নির্বাচিত হন। যে ২৬ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন, তার ১৮ জনই আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থী। দ্বিতীয় ধাপের ২১ মার্চের ভোটে ১০ পৌরসভার সবগুলোই আওয়ামিলীগের প্রার্থীরা জয় পান।