
নিউজ ডেস্কঃ পরীক্ষার খাতা চুরির অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী আবু সাঈদের নামে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ বিভাগের মাস্টার্সের ছাত্র।আজ বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ বাদী হয়ে মামলাটি করেন।
প্রত্যক্ষদর্শী ও ইবি থানা পুলিশ জানায়, দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় থেকে মো. আবু সাঈদ চূড়ান্ত পরীক্ষার ৪টি সাদা খাতা চুরি করেন। এরপর সেখান থেকে বের হওয়ার সময় ওই কার্যালয়ের লিপিকৌশলী আরিফুজ্জামান তাকে ধরে ফেলেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের কাছে হস্তান্তর করা হয়। এরপর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর উপস্থিতিতে আবু সাঈদকে পুলিশের কাছে সোপর্দ করেন প্রক্টর। পরে ইবি থানায় একটি মামলা করা হয়।প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন পরীক্ষার খাতা চুরি করায় তাকে (আবু সাঈদ) পুলিশে সোপর্দ করা হয়েছে। তার অপরাধের যে শাস্তি হয় সেটা তিনি ভোগ করবেন।
এ প্রসঙ্গে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন জানান, আবু সাঈদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন খাতা চুরির মামলা করেছে। মামলাটি রেকর্ড করা হয়েছে।