
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় রোয়ানু'র প্রভাবে জল বেড়ে প্রবল স্রোত সৃষ্টি হয়ে চাঁদপুরে মেঘনা নদীর ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে হরিণা ফেরিঘাট এলাকার অনেক বসতঘর, দোকানপাট ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। বর্তমানে সহস্রাধিক পরিবার ভাঙন আতঙ্কে রয়েছে। এ পর্যন্ত স্থানীয় জল উন্নয়ন বোর্ড ভাঙনরোধে কোনো উদ্যোগ নেয়নি।
গত শনিবার চাঁদপুরের উপর দিয়ে ঘূর্ণিঝড় রোয়ানু বয়ে যায়। এ সময় মেঘনার প্রচ- ঢেউয়ে হরিণা ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়। সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সাত্তার রাঢ়ী, হানারচর এলাকার হারুন, আবুল কাশেমসহ অন্যরা জানান, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় ভাঙন চলছে। কিন্তু কোনো ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না। কয়েকদিন আগে ঘূর্ণিঝড় রোয়ানু'র কারণে মেঘনা নদী উত্তাল থাকায় ভাঙন আগের তুলনায় বেড়েছে। এলাকাবাসীদের প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে।
ইউপি চেয়ারম্যান আব্দুল সাত্তার রাঢ়ী জানান, চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকার ২ কিলোমিটারেরও বেশি এলাকা বাঁধ না দেওয়ায় ঝুঁকির মধ্যে বসবাস করতে হচ্ছে। অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।