
নিউজ ডেস্ক : নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিলগোপালহাটি এলাকায় আমবাগানের পাশের গর্ত থেকে এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় মেলেনি। গতকাল বুধবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। লাশটি নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে।
বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ঝড়ের সময় স্থানীয় লোকজন বিলগোপালহাটি এলাকার একটি আমবাগানে আম কুড়াতে যায়। এ সময় তারা বাগানের পাশের একটি গর্তে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ জানায়, লাশটি উপুড় করে রাখা ছিল। মাথা ছিল না। নারীর পরনে সালোয়ার–কামিজ ছিল। এক পাশে এক জোড়া স্যান্ডেল ও টি–শার্ট পড়ে ছিল। ওই নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান ,এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ওই নারীকে ধর্ষণ করা হতে পারে বলে তিনি ধারনা করছেন। গতকাল রাতেই এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।