
নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষায় সৃষ্ট সহকারী শিক্ষক পদের জন্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় শুধু মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে । রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া বাকি ৬১ জেলা থেকে ৩ হাজার ৪৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
আজ অধিদফতরটির মহাপরিচালক মো. আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হলে এ তথ্য জানা যায়। আগামী ৩০শে মে সকাল সাড়ে ১০টা থেকে ৩০শে জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে।প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) বা (www.dpe.gov.bd) লগইন করে আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ১৬৬ টাকা ৫০ পয়সা দিতে হবে । পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই ঠিকানায় লগইন করলে http://www.mopme.gov.bd I http://www.dpe.gov.bd/ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে।