
রাহাত জামান: রাজধানীতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের পদচারনা। মানুষের সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনও। ফলে রাস্তায় যানজট এখন সকলেরই নিত্যদিনের সঙ্গী। কিন্তু এই যানজট নিয়ন্ত্রনে রাখতে কিছু সড়ক ও এলাকায় পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। স্থানে স্থানে পার্কিং বন্ধের বড় বড় সাইনবোর্ড সাঁটানো হয়েছে। কিন্তু দূর্ভাগ্যবসত ‘পার্কিং নিষেধ’ এসব স্থানেই চলছে পার্কিংয়ের মহোৎসব। যানবাহনের সুশৃঙ্খল পার্কিং দেখে মনে হবে যেন পার্কিংয়ের জন্যই স্থানগুলো বরাদ্দ।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের মূল সড়ক দখলে নিয়ে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। আরামবাগ থেকে মতিঝিল যাওয়ার প্রধান সড়কের পাশেই বিআরটিসি’র বাসসহ বিভিন্ন যানবাহনের অবৈধভাবে পার্কিং। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আইন তৈরি করে ভঙ্গ করছে। সংস্থাটির প্রধান কার্যলায়ের সামনে লাল সাইনবোর্ডে সাদা অক্ষরে স্পষ্ট করে লেখা ‘গাড়ী রাখা নিষেধ’। কিন্তু সেখানেই প্রাইভেট কারসহ মোটরসাইকেল পার্কিং করা হয়েছে।
সংসদ ভবন ও চন্দ্রিমা উদ্যানের সড়কে সাদা সাইনবোর্ডে কালো অক্ষরে লেখা ‘পার্কিং নিষেধ’। অথচ এখানেই নিরাপদে নিয়োমিত পার্কিং করা হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা ব্যাংক পাড়া মতিঝিল সড়কের দুই পাশে পার্কিং করে রাখা হয়েছে অসংখ্য পাইভেট কার। এর ফলে যানজট ছড়িয়ে পড়েছে রাজধানীর সকল সড়কগুলোতে।
বিআরটিসি অফিসের সামনের ফুটপাতে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধভাবে গাড়ি পার্কিং করা হচ্ছে। আর এসব অবৈধ পার্কিংয়ের মাশুল গুণতে হয় সাধারন পথচারীকেই।