News71.com
 Bangladesh
 27 May 16, 12:40 AM
 538           
 0
 27 May 16, 12:40 AM

জঙ্গি-সন্ত্রাসবাদের উৎস খুঁজে বের করতে হবে।। আইজিপি একেএম শহীদুল হক

জঙ্গি-সন্ত্রাসবাদের উৎস খুঁজে বের করতে হবে।। আইজিপি একেএম শহীদুল হক

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, জঙ্গি-সন্ত্রাসবাদের উৎস ও কারণ এবং এর ইন্ধনদাতাদের খুঁজে বের করতে হবে। দেশের শান্তি বিনষ্ট করতে যারা জঙ্গি ও সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। কঠোর অবস্থান নিতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। আজ রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


আইজিপি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও পেশাগত দক্ষতাকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজে লাগাতে হবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করতে হবে। প্রতিনিয়ত এ সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে হবে। পুলিশের এ প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তা করে সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চ (আইসিপিভিটিআর)। গত ২রা মে শুরু হওয়া ডিএমপি ও আইসিপিভিটিআর আয়োজিত ‘টেররিস্ট থ্রেইট অ্যান্ড রেসপন্স’ শীর্ষক ৫দিনব্যাপী এ কর্মশালায় মোট ৭০ প্রশিক্ষণার্থী অংশ নেন।


ডিএমপির অতিরিক্ত কমিশনার শাহাবউদ্দিন কোরেশীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (টেলিকম) অমূল্যভূষণ বড়ূয়া, অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, ডিআইজি (টেলিকম) নওশের আলী, ডিএমপির অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেররিজম) মনিরুল ইসলাম ও আইসিপিভিটিআর প্রতিনিধি ড. জোলেন জেরার্ড বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন