News71.com
 Bangladesh
 27 May 16, 10:37 PM
 719           
 0
 27 May 16, 10:37 PM

সরকার মা ও শিশু মৃত্যু কমিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ।। নিরাপদ মাতৃত্ব দিবসের বানীতে প্রধানমন্ত্রী..

সরকার মা ও শিশু মৃত্যু কমিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ।। নিরাপদ মাতৃত্ব দিবসের বানীতে প্রধানমন্ত্রী..

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার মাতৃস্বাস্থ্য ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন এবং মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, সরকারের বহুবিধ কার্যকর পদক্ষেপের ফলে বাংলাদেশ নির্দিষ্ট সময়ের পূর্বেই সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি অর্জন করেছে। এ অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমরা অর্জন করেছি এমডিজি পুরস্কার। এছাড়া নারী ও শিশু স্বাস্থ্যের অগ্রগতির জন্য আমরা পেয়েছি 'সাউথ-সাউথ অ্যাওয়ার্ড।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগেই মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার ব্যাপকহারে হ্রাস করে এসডিজি অর্জনে সক্ষম হবো। রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের 'সোনার বাংলা' বিনির্মাণ করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৬' উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে এ আশাবাদ ব্যক্ত করেন। প্রতি বছরের ন্যায় এ বছরও আগামীকাল ২৮ মে দেশব্যাপী 'নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৬' উদযাপিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য 'সকল প্রসূতির জন্য মানসম্মত সেবা আমাদের অঙ্গীকার'।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দিবসটির এবারের প্রতিপাদ্যেকে খুবই সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ অভিহিত করে বলেন, মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব, পুষ্টি ও স্বাস্থ্যসেবার গুণগতমান বৃদ্ধি সম্পর্কে মা, পরিবার ও সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের এ সাফল্যকে ধরে রেখে আরও এগিয়ে যেতে হবে। জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এসডিজি লক্ষ্যমাত্রা অনুসারে ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যু হার প্রতি লক্ষ জীবিত জন্মে ৭০ বা তার নীচে নামিয়ে আনতে হবে। আমার দৃঢ় বিশ্বাস সরকারের গৃহীত বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারব। প্রধানমন্ত্রী 'নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৬' উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন