
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে বখাটেরে ধারালো অস্ত্রের আঘাতে আহত চিকিৎসাধীন ৩ স্কুলছাত্রীকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। আজ সন্ধ্যায় রামেক হাসপাতালে যান তিনি। এ সময় তিনি ওই ৩ শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয় মন্ত্রী। আহতরা হলেন- সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামের আবদুল খালেকের মেয়ে তারিন আফরোজ , অরুনবাড়ি মহিপুর গ্রামের তাজেমুল হকের মেয়ে তানজিমা আক্তার ও বেহুলা গ্রামের মোকবুল হোসেনের মেয়ে মরিয়ম আক্তার। একইসঙ্গে ওই ঘটনায় নিহত শিক্ষার্থী কনিকা রানী ঘোষের পরিবারেরও খোঁজ নেন মন্ত্রী মোস্তাফিজুর রহমান। বখাটের ধারালো অস্ত্রের আঘাতে স্কুলছাত্রী নিহতের সঙ্গে জড়িতের বিচার দ্রুত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে কনিকা ঘোষ নামে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করে এক বখাটে। এ ঘটনায় আহত হন এই ৩ ছাত্রী। এদিকে আহতদের চিকিৎসার ব্যয় ভার শিক্ষা মন্ত্রণালয় নেবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।