
নিউজ ডেস্কঃ বন্ড সুবিধার অপব্যবহার করে খোলাবাজারে বিক্রির আশঙ্কায় প্লাস্টিক দানা ও তৈরি পোশাক ভর্তি ২টি ট্রাক আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল দিবাগত রাতে চট্টগ্রাম থেকে ট্রাক ২টি আটক করা হয়। উপ-পরিচালক (চট্টগ্রাম অঞ্চল) শামীমুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। আজ সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেন।
মইনুল খান জানান, ২টি ট্রাকই ঢাকামুখী ছিল। ঢাকা মেট্টো: ট ১১-১৫৪২ বদ্দরহাট থেকে প্লাস্টিক দানা ও সিলেট মেট্রো: ট ১১-০২৩৮ খাতুনগঞ্জ থেকে তৈরি পোশাক নিয়ে আসছিল। বন্ডেড পণ্য প্লাস্টিক দানা বোঝাই ট্রাক রাত ২টায় ও তৈরি পোশাক বোঝাই ট্রাকটি রাত ৪টায় চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে ঢাকা আসার পথে আটক করা হয়। তিনি আরও জানান, ২টি ট্রাকে ২ কোটি টাকার পণ্য রয়েছে। এসব পণ্য পরিবহনের সময় বৈধ কাগজপত্র ছিল না। ধারণা করা হচ্ছে, শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানি করে বন্ড সুবিধার অপব্যবহার করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে পণ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো।
এ ব্যাপারে তদন্ত হচ্ছে জানিয়ে মইনুল খান বলেন, বন্ড সুবিধার অপব্যবহার হলে দোষীদের আইনের আওতায় আনা হবে। শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে কতিপয় বন্ডেড ফ্যাক্টরি পণ্য উৎপাদন না করে খোলা বাজারে বিক্রি করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।