
নিউজ ডেস্কঃ বান্দরবান জেলার লামার ফাঁসিয়াখালী থেকে এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।আজ রাত ১০টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি নলবুনিয়া এলাকার বুড়িরজুমের আগা থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়। ২০-২৫ দিন পূর্বে দুর্বৃত্তরা এই নারীকে হত্যা করে পাহাড়ি ঝিরিতে লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কয়েকজন কাঠুরিয়া নলবুনিয়া ঝিরি এলাকার পাহাড়ে কাঠ কাটতে গেলে কঙ্কালটি দেখে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদারকে জানান। চেয়ারম্যান বিষয়টি লামা থানা পুলিশকে অবহিত করলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ নুরের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা রাত ১০টার দিকে ইউপি চেয়ারম্যান সহ কঙ্কালটি উদ্ধার করে।
এসময় ঘটনাস্থলে মাথার খুঁলি, শরীরের বিভিন্ন অংশের হাড়, ১টি বোরকা, ওড়না এবং জুতা পাওয়া যায়।নারীর কঙ্কাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন জানান কঙ্কালের পাশে ১টি বোরকা, ওড়না ও জুতা পাওয়া গেছে। এইসব দেখে বুঝা যায় কঙ্কালটি কোন এক নারীর।