News71.com
 Bangladesh
 28 May 16, 11:55 AM
 605           
 0
 28 May 16, 11:55 AM

রমজানে বিক্রির জন্য বন্দরে খালাস হচ্ছে টিসিবিক ১ হাজার ৫০০ টন ছোলা ।।

রমজানে বিক্রির জন্য বন্দরে খালাস হচ্ছে টিসিবিক ১ হাজার ৫০০ টন ছোলা ।।

নিউজ ডেস্কঃ রমজানে ছোলার দামে লাগাম টানতে অস্ট্রেলিয়া থেকে দেড় হাজার মেট্রিকটন ছোলা আমদানি করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)। গতকাল থেকে নগরীর পতেঙ্গার ইনকনট্রেন্ড কনটেইনার ডিপোতে ছোলা খালাস করে ছোলাগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে থাকা টিসিবির গুদামে। আজকের মধ্যে সব ছোলা খালাসের লক্ষ্য রেখে কাজ করছে টিসিবির কর্মকর্তারা। অগ্রাধিকার ভিত্তিতে টিসিবির ছোলা খালাস ও পরিবহনে বিশেষ ব্যবস্থা নিশ্চিত করেছে বন্দর-কাস্টমসহ সংশ্লিষ্ট প্রশাসন।

টিসিবির প্রধান কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, অস্ট্রেলিয়া থেকে ১ হাজার ৫০০ মেট্রিক টন ছোলা আমদানি করা হয়েছে। এখন চলছে খালাসের কাজ। ২-১ দিনের মধ্যেই খালাস করা ছোলা সারাদেশে পৌঁছে দেওয়া হবে।

টিসিবি সূত্রে জানা যায়, ২৯শে মে থেকে সারাদেশে ১৭৯টি ট্রাকে ছোলা, দেশি চিনি, মশুর ডাল, সয়াবিন তেল (পেট বোতল) ও খেজুর বিক্রি করবে টিসিবি। এর মধ্যে ঢাকায় ৩২টি ট্রাক, চট্টগ্রামে ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি ও জেলা সদরে ২টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। ট্রাক থেকে ১ জন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি ডাল, ৫ লিটার সয়াবিন, ৫ কেজি ছোলা ও ১ কেজি খেজুর কিনতে পারবেন। কেজিপ্রতি চিনি ৪৮ টাকা, ডাল ৯০ টাকা, তেল ৮০ টাকা, ছোলা ৭০ টাকা ও খেজুর ৯০ টাকায় বিক্রি করা হবে।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান সুজা-উদ-দৌলা সরকার জানান, চট্টগ্রামে ১০টি ট্রাকে ছোলাসহ রমজানের পণ্য বিক্রির জন্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের গুদামে প্রচুর পণ্য মজুদ রয়েছে। কোনো সংকট হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন