
নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে ভোট কেন্দ্র দখলে বাধা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বিদ্রোহী প্রার্থীর সমর্থক ইউছুফ, জাবেদ ও সম্রাট নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন মুন্না ও তার এক সমর্থককে পুলিশ আটক করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আজ দুপুর ১২ টার দিকে সদর উপজেলার হাজির পাড়া ইউনিয়নের ইউছুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিকে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল কাউছার।
এছাড়া জাল ভোট দেয়া ও আচরণ বিধি লঙ্গণ করার অভিযোগে দুপুর ১ টা পর্যন্ত হাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলী উচ্চ বিদ্যালয়, চন্দ্রগঞ্জের পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় ও হযরত দেওয়ান শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত।
এদিকে পুলিশের গুলি চালানোর বিষয়টি জানতে চাইলে তা এড়িয়ে যান লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন। এসময় তিনি বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিনকে আটকের কথাও অস্বীকার করেন। তবে সুষ্ঠ ভোট অনুষ্ঠানে বাধা প্রদানকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবেনা বলে জানান তিনি।
উল্লেখ্য, ৫ম ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে আজ।