
নিউজ ডেস্কঃ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় নব-নির্বাচিত ১৬ চেয়ারম্যান শপথ নিয়েছেন। আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ করা চেয়ারম্যানরা হলেন- তানোর উপজেলার কলমা ইউনিয়নের লুৎফর হায়দার রশীদ ময়না, বাঁধাইড়ের আতাউর রহমান (আ.লীগ), পাঁচন্দরের আব্দুল মতিন, সরনজাইয়ের আব্দুল মালেক, তালন্দের আবুল কাশেম, কামারগাঁ’র মুসলিম উদ্দিন এবং চান্দুড়িয়ার মজিবুর রহমান। গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যানেরা হলেন, সদর ইউনিয়নের রুহুল আমীন, মোহনপুরের মোস্তফা হোসেন, বাসুদেবপুরের হাবিবুর রহমান বেবী, পাকড়ির আবদুর রাকিব সরকার, মাটিকাটার আলী আজম তৌহিদ, রিশিকুলের শহীদুল ইসলাম টুলু, গোগ্রামের মজিবুর রহমান, দেওপাড়ার আকতারুজ্জামান আখতার এবং চর আষাড়িয়াদহের সানাউল্লাহ। এর আগে গত ২৩ এপ্রিল তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হন তারা।