
নিউজ ডেস্কঃ খোলা বাজারে ট্রাকে করে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। আজ সকাল ৯টা থেকে মহানগরের বিভিন্ন স্থানে ২৫টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। চলবে ঈদুল ফেতরের আগের দিন পর্যন্ত। এদিকে প্রথম দিনেই টিসিবি’র এ অভিযানের চাহিদার তুলনায় সরবরাহ ছিল অপ্রতুল। ৫টা পর্যন্ত বিক্রির কথা থাকলেও দুপুর নাগাদ ট্রাকে পণ্য নিতে এসে অনেকে ফিরে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জাতীয় প্রেস ক্লাবের পাশে দুপুর ১টায় এক ক্রেতা বলেন, ডাল নিতে এসেছিলাম। কিন্তু না থাকায় ফিরে যাচ্ছি। এক নারী বলেন, খেজুর নিতে এসেছিলাম কিন্তু পায়নি । ট্রাকে লাল ব্যানারে লেখা হয়েছে টিসিবি’র পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হয়। চিনি (দেশি) প্রতি কেজি ৪৮ টাকা, মসুর ডাল (কানাডা) প্রতি কেজি ৮৯.৯৫ টাকা, সয়াবিন পেট বোতল (৫ লিটার) প্রতি লিটার ৮০ টাকা, ছোলা প্রতি কেজি ৭০ টাকা ও খেজুর প্রতি কেজি ৯০ টাকা।ওজন দেখে নেওয়ার জন্য ওই ব্যানারে আরও লেখা হয়েছে, ওজন দেখে নিবেন। পরবর্তীতে কোন অভিযোগ গ্রহণ করা হবে না।
ট্রাকের সেলসম্যান জিয়াউদ্দিন জানান আজ ট্রাকে বিক্রির জন্য ২০০ কেজি মসুর ডাল, ৮০০ কেজি ছোলা, ৫০ কেজি খেজুর, ৪০০ কেজি চিনি ও ৩০০ লিটার সয়াবিন তেল এনেছিলাম। এসব পণ্যের গুনগত মান ভাল। গুনমান নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি। তবে চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল থাকায় অনেকে ফিরে গেছেন। এজন্য পণ্যের পরিমাণ বাড়ানো উচিত। মালামাল না থাকলেও আমরা ৫টা পর্যন্ত থাকবো । তিনি আরও বলেন ২৫টি ট্রাকে টিসিবি’র পণ্য নিয়ে বিক্রির জন্য বের হওযার কথা শুনেছিলাম। তবে কয়টা বের হয়েছে জানি না।