
নিউজ ডেস্কঃ টানা পাঁচ দফা দাম বাড়ার পর কমছে সোনার দাম। এ দফায় দাম কমছে ভরিতে ১ হাজার ৫১৬ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস এ তথ্য জানিয়েছে। নতুন দর কার্যকর হবে মঙ্গলবার।
বিশ্ববাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান। এর আগে পাঁচ দফার প্রতিবারই ভরিতে এক হাজার ২২৫ টাকা করে বাড়ানো হয়েছিল। সর্বশেষ ৬ মে সোনার দাম বাড়ানো হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের সোনার দাম পড়বে ৪৫ হাজার ৮৯৮ টাকা, সোমবার পর্যন্ত যা মিলবে ৪৭ হাজার ৪১৪ টাকায়। অন্যান্য মানের সোনার দামও প্রায় একই হারে কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।