
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে উত্তপ্ত গলিত লোহায় দগ্ধ হয়েছেন ৪ শ্রমিক। গতকাল রবিবার রাতে মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন টি বোর্ড এলাকার একটি রি-রোলিং মিলে এই দূর্ঘটনা ঘটে। আহত ৪ শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন আবু বকর সিদ্দিক (২৮), জহির (২৭), জাফর (৪০) ও মনজুর (২৭)। আহত অপর ২ শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, টি-বোর্ড এলাকায় অবস্থিত রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম)-এ রাতে কাজ করার সময় কয়েকজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কট্রোল রুমের অপারেটর ফজলুল কাদের জানান, বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি রড তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছে।