News71.com
 Bangladesh
 30 May 16, 12:08 PM
 545           
 0
 30 May 16, 12:08 PM

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের পল্লী জনপদ নামের নির্মান প্রকল্পের যাত্রা শুরু

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের পল্লী জনপদ নামের নির্মান প্রকল্পের যাত্রা শুরু

নিউজ ডেস্ক: গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘পল্লী জনপদ’ নামে একটি নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছেন সরকার । কৃষি জমির অপচয়রোধ কল্পে গ্রামে সমবায় ভিত্তিক বহুতল ভবন বিশিষ্ট পল্লী জনপদে থাকবে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা । প্রথম পর্যায়ে দেশের ৭টি বিভাগে ৭টি প্রকল্প বাস্তবায়ন করা হবে, পরে তা করা হবে সারাদেশেই ।

গ্রামে জমি কিনে বাড়িঘর নির্মাণ করায় দেশে কৃষি জমির পরিমাণ দিনের পর দিন কমছে। কৃষি উৎপাদন বৃদ্ধি করতে এবং গ্রামে উন্নত আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে এই পল্লী জনপদ প্রকল্প ।

এর পরীক্ষামূলক কাজ শুরু হয় ২০১৪ সালের জুলাইয়ে, শেষ হওয়ার কথা ২০১৭ সালের জুন মাসে । একটি প্রকল্পে প্রায় পৌনে তিনশ পরিবার বসবাসের জন্য থাকবে চার তলা আধুনিক ভবন । যাতে থাকবে উৎপাদনমুখী কর্মকাণ্ডের বিভিন্ন ব্যবস্থা । ৭টি বিভাগে এরই মধ্যে জমি ক্রয় করা হয়েছে। নির্মাণ কাজ শুরু হয়েছে রংপুরসহ কয়েকটি বিভাগে । গ্রামের নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চ আয়ের মানুষ যাতে ফ্ল্যাট কেনার সুযোগ পায় সে ব্যবস্থা থাকবে পল্লী জনপদে।

পল্লী জনপদের প্রকল্প পরিচালক মাহমুদ হোসেন খান বলেন, ১৪ লাখ ৬৮ হাজার টাকায় ‘এ’ টাইপের বিল্ডিং কিনলে ২ বছরের মধ্যে ৪ লাখ ৪০ হাজার টাকা দিতে হবে। তাহলে সে চাবি পাবে, ফ্ল্যাট পেয়ে যাবে। তাকে আমরা প্রশিক্ষণ দিবো, ক্রেডিটের ব্যবস্থা করবো। যাতে সে অতিরিক্ত ইনকাম করতে পারে। সেই অতিরিক্ত ইনকাম থেকে সে ১৫ বছরে অবশিষ্ট টাকা পরিশোধ করলে তাকে আমরা ফ্ল্যাটের মালিকানা দিব ।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। বগুড়া জেলার আরডিএ মহাপরিচালক প্রকৌশলি এম এ মতিন বলেন, ‘ এর ফলে ৪৩ একর জমি বাঁচবে। তিনশো পরিবারের চারশো গরু রাখার ফার্ম থাকবে। প্রায় ১০ হাজার মুরগি রাখার জায়গা থাকবে’।

পল্লী জনপদ নির্মাণ কাজে এগিয়ে আছে রংপুর বিভাগ । জেলার পান্ডারদীঘিতে পুরোদমে চলছে নির্মাণ কাজ। গ্রামের আগ্রহী ফ্ল্যাট ক্রেতাদেরও আনাগোনা রয়েছে সেখানে ।

পল্লী জনপদের উপ-প্রকল্প পরিচালক মোঃ দেলোয়ার হোসেন বলেন, যেভাবে আমাদের কাজ চলছে তাতে আমরা আশাবাদি ২০১৭ সালের জুনের মধ্যে আমরা এই প্রকল্পের কাজ শেষ করতে পারবো।

পল্লী জনপদে সমবায়ভিত্তিক উৎপাদনমুখী কর্মকাণ্ডের মুনাফা সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন