
নিউজ ডেস্কঃ নোয়াখালীর সেনবাগ উপজলোর কেশারপাড় ইউনিয়ন নির্বাচনে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও পুলিশের এক উপ পরিদর্শককে (এসআই) অনিয়ম ও দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে নির্বাচন কমিশন।
নোয়াখালী সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসেন বিষয়টি নিশ্চিত করে গতকাল রবিবার রাতে জানান, সেনবাগ উপজেলার ২নম্বর কেশারপাড় ইউনিয়নের কালাইরাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের আগের দিন রাতে (শুক্রবার) একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ভোটগ্রহণ শুরুর আগেই সকাল সাড়ে ৭টার দিকে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়।
এজন্য দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ও অনিয়মের অভিযোগে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার লিটন চক্রবর্তী ও এসআই মাসুদ কামালকে দুই মাসের জন্য তাদের স্ব স্ব চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে নির্বাচন কমিশন।