
নিউজ ডেস্ক: পাবনায় একজন খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা । আহত অবস্থায় গতকাল রাতেই তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । রোববার রাতে জেলার চাটমোহরে রঞ্জিত রোজারিও নামের ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয় । এ ঘটনার সঙ্গে কোন জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারে নি পুলিশ। তারা বলছে, পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটিয়েছেন দুর্বৃত্তরা ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার জানিয়েছেন, 'কয়েক মাস আগে ফৈলজানা গ্রামে একটি প্রেমের ঘটনা নিয়ে সালিশ করেছিলেন খ্রিস্টান ব্যবসায়ি রোজারিও। তখন থেকেই এক পক্ষের ক্ষোভ ছিল রোজারিওর ওপর'।
এরপর গতরাতে আবারো ওই প্রেমিক যুগল দেখা করলে, তাদের হাতেনাতে ধরেন রোজারিও। তখন বাদশা নামে এক যুবক তাকে ধারালো চাকু নিয়ে কুপিয়ে পালিয়ে যায় বলে, গ্রামের প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন । তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয় নি ।