
নিউজ ডেস্ক: চট্টগ্রামে যাত্রীবেশে এক গাড়িচালককে ডেকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. আজাদ ও মো. হামিদ । গতকাল সোমবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার রুবি গেট এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় গাড়িচালক মো. ইউনুসকে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, জেলার রাঙ্গুনিয়ার চৌমুহনী এলাকা থেকে ভাড়ায় চালিত একটি গাড়িতে করে গতকাল সকালে আজাদ ও হামিদনগরের হালিশহরের উদ্দেশে যাত্রা করেন। দুপুর ১২টার দিকে তাঁরা রুবি গেট এলাকায় পৌছান । এ সময় চালক ইউনুসকে একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখা হয়। পরে গাড়ির মালিককে ফোন করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। বিষয়টি পুলিশকে জানানো হলে, পুলিশ অভিযান চালিয়ে চালককে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করে ।
এ ঘটনায় চালক ইউনুস থানায় মামলা করেছেন।
ওসি মহসীন জানান, আজাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে ।