
নিউজ ডেস্ক: আগামী ১ জুলাই প্রতিষ্ঠার ৯৫তম বার্ষিকী পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে গত ২৯ মে সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা’।
কর্মসূচির মধ্যে রয়েছে ওই দিন সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে জমায়েত। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা মল চত্বর থেকে শুরু হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হবে। সকাল ১১টায় টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
চারুকলা অনুষদের তত্ত্বাবধানে শিক্ষক ও শিক্ষার্থীদের শিল্পকর্মের প্রদর্শনী এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।
দিবসটিকে কেন্দ্র করে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হোসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়াম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, অফিসপ্রধান ও বিভিন্ন সমিতির প্রতিনিধিবৃন্দ।
সভায় দিবসটি যথাযথভাবে পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনকে আহ্বায়ক করে ২৮ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।