
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক দুর্ঘটনা এড়াতে টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। চালক ছাড়া যেন কোনো হেলপার বাস চালাতে না পারে তাতে করে সে বিষয়ে নজরদারি চালানো হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল সকালে ডিএমপি হেডকোয়াটার্সে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় তিনি এ কথা জানান। সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার জানান বাস, লঞ্চ ও রেলওয়ে টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের পাশাপাশি কমিউনিটি ট্রাফিক পুলিশি ব্যবস্থা জোরদার করা হবে। টিকেট কালোবাজারি প্রতিরোধ করতে বিভিন্ন টার্মিনালের পুলিশ ফাঁড়িগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি জানান রাস্তায় যত্রতত্র স্থানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করা যাবে না। ফুটপাতে, রাস্তার পাশে জনসাধারণের চলাচলে বিঘ্ন হয় এমনভাবে গাড়ি পার্কিং করা যাবে না। এসব বিষয়ের প্রতি আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কোনো পরিবহন যেন অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে এবং রাস্তায় ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল করতে না পারে সেদিকে ডিএমপির ট্রাফিক বিভাগের সকলকে বিশেষ নজরদারি রাখতেও বলেন আছাদুজ্জামান মিয়া।
তিনি আরও বলেন, সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌ-পুলিশ ও ডিএমপির উদ্যোগে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যৌথ নৌ-টহল ব্যবস্থা থাকবে, পাশাপাশি সার্বিক মনিটরিংয়ের জন্য একটি পুলিশ কন্ট্রোল রুম থাকবে। আবহাওয়ার পূর্বাভাস দেখে লঞ্চ ছাড়তে হবে এবং নৌকা দিয়ে যেন কোনো যাত্রী লঞ্চে না উঠতে পারে সে বিষয়েও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের বিশেষ নজর রাখতে বলেছেন ডিএমপি কমিশনার। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীর ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতেও সভায় কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। মলমপার্টি ও অজ্ঞানপার্টির সদস্যরা যেন কোনো প্রকার অপতৎপরতা চালাতে না পারে সেজন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ পুলিশি ব্যবস্থা থাকবে বলেও জানান আছাদুজ্জামান মিয়া। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ছিনতাই রোধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, যদি কোনো অপরিচিত ব্যক্তি মোবাইলে হুমকি বা চাঁদা দাবি করে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। মোবাইলে হুমকি ও চাঁদাবাজি প্রতিরোধে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট তৎপর রয়েছে।