
নিউজ ডেস্ক: প্রচার প্রচারণায় আর জনসংযোগে জমে উঠেছে বগুড়া সদর, শাহজাহানপুর ও সোনাতলা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল থেকে রাত অবধি চলছে প্রার্থীদের ভোট প্রার্থনা। পাশাপাশি দিচ্ছেন উন্নয়নের নানা আশ্বাস। তবে ভোটাররা দল নয়, খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী।
বগুড়া সদর, শাজাহানপুর ও সোনাতলা উপজেলায় ষষ্ঠ ও শেষ দফায় ৪ জুন ২১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। প্রতীক বরাদ্দের পরই ইউনিয়নগুলোতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
বগুড়া সদর শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান সফিক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের যে পদক্ষেপ, তার সাথে ইউনিয়নের উন্নয়নের সমন্বয় করব।’
একই ইউনিয়ন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. একলাস হোসেন মন্ডল বলেন, ‘যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমি শতকরা ৮০ ভাগ ভোট পাব বলে আশা রাখি।’
দলীয় প্রতীক দেখে নয়, ভোটাররা খুঁজছেন, সুখে দুঃখে তাদের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানা আখতার জাহান জানালেন, নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে।
বগুড়া সদর উপজেলার ১১টি, শাজাহানপুরে ৯টি এবং সোনাতলার ১টি ইউনিয়নে মোট ৮০ জন চেয়ারম্যান, ৬শ’ ৮৬ জন সাধারণ সদস্য পদে ও ২শ’ ২৭ জন সংরক্ষিত নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।