
নিউজ ডেস্ক: এক সাথে একই সময়ে ১০ লাখেরও বেশি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়বে বাংলাদেশ ছাত্রলীগ। একই সাথে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখাবে এই ছাত্র সংগঠনটি।
সারা দেশের সকল মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এক সাথে সকাল (১১ থেকে ১২ টা) পর্যন্ত আগামী ২৬ জুলাই ফলজ, বনজ ও ঔষদি জাতীয় বৃক্ষের চারা রোপণ করবেন। এই উপলক্ষে ছাত্রলীগ ২ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।
ছাত্রলীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা জানান, আগামী জুন ও জুলাই এই দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বাংলাদেশ ছাত্রলীগ।
আগামী ২৬ জুলাই বাংলাদেশের ছাত্রলীগের সকল নেতাকর্মী মিলে এক সাথে একই সময়ে (সকাল ১১ টা থেকে ১২ টা) পর্যন্ত ১০ লাখের অধিক বৃক্ষ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখাবো। ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পৃথিবীর ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ৫০ বছরে সমুদ্রের উচ্চতা এক মিটার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের উপকূলীয় দুই কোটি মানুষ জলবায়ুজনিত কারণে উদ্বাস্তুতে পরিণত হবে। উপকূল রক্ষা এবং উপকূলীয় মানুষদের সচেতন করতে বাংলাদেশ ছাত্রলীগ ফোরাম এক ঘন্টার এই কর্মসূচি পালনের মাধ্যমে সারা বিশ্বকে বাংলাদেশের উপকূল রক্ষায় এগিয়ে আসার আহবান জানাবেন।
এ প্রসঙ্গ জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, পরিবেশকে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা রয়েছে। ছাত্রলীগ বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন। ছাত্রলীগের কর্মীদের উৎসাহ প্রদান ও নিজেদের দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ এভাবে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচী পালন করবে বলেও জানান তিনি ।