
নিউজ ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলায় ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার অভিযোগে ছোট পাথরা গ্রামের হিন্দুপাড়ায় হামলার ঘটনায় মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কেশবপুর প্রেসক্লাবে আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মামলার বাদী সুকুমার দাস।
সংবাদ সম্মেলনে সুকুমার দাস অভিযোগ করেন, গত রোববার রাতে হামলার ঘটনায় ওই রাতেই ২৫ জনের নাম উল্লেখসহ ৪৫ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা করেন সুকুমার। এর পর থেকে মামলার আসামিরা তাঁকে হুমকি দিচ্ছে । এ কারণে তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, হুমকির ব্যাপারে কেউ কিছু জানায়নি। এলাকায় এখনো পুলিশ টহল দিচ্ছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গত রোববার ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার অভিযোগ তুলে ছোট পাথরা গ্রামের হিন্দুপাড়ায় হামলা দুর্বৃত্তরা । এ সময় সুকুমার দাস, অসিম দাস ,সনজিৎ দাস ও নারায়ণ দাসের বাড়ির আসবাব ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলে পরিচিত মনোয়ার হোসেন জয়ী হন। তাঁর মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের বিশ্বাসের সঙ্গে। কাদের বিশ্বাসকে ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার অভিযোগে পরের দিন রোববার মনোয়ার হোসেনের কর্মী-সমর্থকেরা হিন্দুপাড়ায় ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়।