News71.com
 Bangladesh
 31 May 16, 08:08 PM
 2361           
 0
 31 May 16, 08:08 PM

স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মাস্টার বাহিনী প্রধানের অস্ত্র ও সহযোগী সহ স্বরাষ্ট মন্ত্রীর কাছে আত্মসমর্পণ......

স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মাস্টার বাহিনী প্রধানের অস্ত্র ও সহযোগী সহ স্বরাষ্ট মন্ত্রীর কাছে আত্মসমর্পণ......

নিউজ ডেস্ক : সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার (৪৫) ও তার আরও ৯ জন সহযোগী স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করেছেন । আজ মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় মংলার বিএফডিসি জেটিতে আনুষ্ঠানিকভাবে ডাকাতদল ৫২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ডের বেশি গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করে। দস্যুদের জমা দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, ১৮টি একনলা বন্দুক, ৮টি দো-নলা বন্দুক, ৬টি .২২ বোরের পিস্তল, ১টি থ্রি নট থ্রি রাইফেল, ৩টি ওয়ান শুটারগান, ৫টি রাইফেল, ২টি সিঙ্গেল রাইফেল, ৫টি শটগান, ২টি এয়ার গান, ২টি শাটারগান।

এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (গোয়েন্দ) কর্নেল আনোয়ার হোসেন, খুলনা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক মো. মনিরুজ্জামান, র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম, র‌্যাব-৬ এর অধিনায়ক মো. রফিকুল ইসলাম, বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার নিজামুল হক মোল্যাসহ প্রশাসনরে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, বনডাকাতরা সমাজের ক্ষতিকর মানুষ হিসাবে রূপ নিয়েছে। এই উপলব্ধি থেকে তারা আজ আত্মসমর্পন করেছে। তারা স্বাভাবিক জীবনে ফিরতে যে কাজ শুরু করেছে সে কাজের জন্য আমরা তাদের সব ধরনের আইনি সহযোগিতা দিয়ে যাবো। তিনি বলেন, ‘আমরা সুন্দরবনকে নিরাপদ স্থান হিসাবে দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সুন্দরবনকে একটি পর্যটন জোন হিসাবে গড়ে তুলতে নানা পরিকল্পনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

আত্মসমর্পণকারীরা হলেন- মাস্টার বাহিনীর প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার, সেকেন্ড-ইন-কমান্ড সোহাগ আকন, মো. সোলায়মান শেখ, ফজলু শেখ, মো. সুলতান খাঁ, শাহীন শেখ, সুমন সরদার, আরিফ সরদার. মো. হারুন ও আসাদুল ইসলাম ওরফে কোকিল। উল্লেখ্য সুন্দরবনে জেলেদের ত্রাস ছিল মাস্টার বাহিনী। এই বাহিনী নৌকা ও জেলেদের জিম্মি করে বড় অংকের মুক্তিপণ দাবি করতো।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের পশ্চিম উপকূল এবং সুন্দরবনের জেলে, বাওয়ালী, মৌয়ালদের ত্রাস ডাকাতদল ‘মাস্টার বাহিনী’। নৌকা ও জালের হিসাব করে নির্ধারিত হারে ডাকাতদের চাঁদা দিতে হতো জেলে ও বনজীবীদের। এতোদিন অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল এ বাহিনীর সদস্যরা। ডাকাতদের বাড়ি বাগেরহাটের রামপাল, মংলা, মোরেলগঞ্জ, শরণখোলা, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন