
নিউজ ডেস্কঃ রাজধানীর ডেমরা থানার আমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যৌথভাবে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃ্ত্বদেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।
এ সময় আমুলিয়ার আতিক মার্কেটের পাশে প্রায় ১ হাজার ৮০০ ফুট গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। বেলা ২ টার দিকে একই এলাকার ব্যাপারীপাড়া এলাকা থেকে আরও ১ হাজার ৫০০ ফুট গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে এই দুটি এলাকার প্রায় ৩’শ বাসাবাড়ি, দোকানপাট, কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়া গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ, মালামাল জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযান ঢাকার বিভিন্ন স্থানে নিয়মিত পরিচালিত হবে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঢাকা মেট্রো শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার রুহুল আমিন, ম্যানেজার খালেদ মাকসুদ, ডেপুটি ম্যানেজার মুসতাক আহমেদ, ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাউসার আহমেদ প্রমুখ।